ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হচ্ছে জানুয়ারীর মধ্যেই। জি-টু-জি ভিত্তিতে বিশাল এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ ও চীন সরকার। ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকার প্রকল্পে চীনের অর্থায়ন হচ্ছে প্রায় ১১ হাজার কোটি টাকা। বাংলাদেশ অর্থায়ন করবে প্রায় ছয় হাজার কোটি টাকা। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে চলতি মাসেই চীনের সাথে ঋণচুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। গতকাল ইনকিলাবকে তিনি বলেন, সব প্রস্তুতি শেষ। এখন ঋণচুক্তি হলেই আমরা কাজ শুরু করতে পারবো। জানুয়ারীর মধ্যেই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ শেষ হলে এটিই হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে।
বিশাল এ প্রকল্পের অধীনে ঢাকার বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত নির্মাণ করা হবে ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের নিচের সড়কটিকে সার্ভিস লেনসহ উন্নীত করা হবে চার লেনে। প্রকল্প বাস্তবায়নে নকশা রিভিউ এবং নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পরামর্শক প্রতিষ্ঠান স্পেনের টেকনিকা ওয়াই প্রয়োকটস ও বাংলাদেশি কোম্পানি ডিওএইচডব্লিউএ অ্যান্ড ডিডিসির মধ্যে।
এ প্রকল্পটি শেষ হওয়ার টার্গেট নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। এটি বাস্তবায়িত হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২৫টি জেলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি জেলার মানুষ খুব সহজে ও দ্রুততার সঙ্গে ঢাকায় প্রবেশ করতে পারবে। নিরসন হবে এই অঞ্চলের বিভিন্ন সড়কের যানজট। সব মিলিয়ে প্রায় চার কোটি মানুষ এ প্রকল্পের সুবিধাভোগী হবেন। প্রকল্পতি বাস্তবায়িত হলে সাভার ইপিজেড-এ বিদেশি বিনিয়োগ বাড়বে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গতি ফিরবে অর্থনীতিতে। রাজধানী ও আশপাশ এলাকার যানজট কমাতে প্রায় দুই বছর আগে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে চীনের অর্থায়নে। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ দেবে ১০ হাজার ৯৫০ কোটি টাকা। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। সরাসরি দরপত্র প্রক্রিয়ার (ডিটিএম) মাধ্যমে চীনের ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) প্রকল্পটি বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। ২০২২ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে সেতু বিভাগ। তবে সম্প্রসারিত অংশ শেষ করতে আরও দুই বছর লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










